উত্তাল সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৫ জেলে, উদ্ধার ১০
চট্টগ্রাম প্রতিনিধি, বাংলাদেশ ; বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের মধ্যেই মাছ ধরার একটি ট্রলার ডুবে অন্তত ৫ জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে। রোববার (২০ সেপ্টেম্বর) কক্সবাজারের লাবনী পয়েন্টে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
কক্সবাজারস্থ ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, শহরের বাঁকখালী নদীর মোহনা থেকে সাগরে মাছ শিকার করতে বিকেলে ১৫ জন জেলে নিয়ে একটি ট্রলার রওনা হয়। ট্রলারটি লাবণী পয়েন্টের অদূরবর্তী সাগরে পৌঁছালে হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সেটি ডুবে যায়। এরপর সাঁতার কেটে দুইজন জেলে উপকূলের কাছাকাছি চলে আসলে পরে তাদের লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ জীবিত উদ্ধার করে।
তাদের দেয়া তথ্য অনুযায়ী, জেড স্ত্রি ও স্পিড বোট নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে সৈকতের লাবণী, সুগন্ধা ও শৈবাল পয়েন্ট থেকে আরও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জন বাড়িতে ফিরে গেছেন। আর রাত ৯টার দিকে উদ্ধারকৃত ৫ জনকে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
জেড স্ক্রি ও স্পিড বোট নিয়ে লাইফ গার্ডকর্মী এবং ট্যুরিস্ট পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার।
এদিকে আবহাওয়া অধিদফতরের সবশেষ বুলেটিনে বলা হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে বুলেটিনে।

Post a Comment